রাজধানীর শাহআলী থানাধীন নবাবেরবাগ এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী প্রাণ হারিয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। এছাড়া আরও দুজন ব্যক্তি আহত হয়েছেন।
আজ বুধবার সকালে নবাবেরবাগ পশ্চিমপাড়া মডেল স্কুলের সামনের বেড়িবাঁধ সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, এশিয়ান ইউনিভার্সিটির একটি বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চার যাত্রী নিহত ও দুজন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply